একজন বিক্রয়কর্মীর দায়িত্ব সমূহ

একজন বিক্রয়কর্মীর দায়িত্ব সমূহ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি ও এসবিবিএ ৩৫০৫ বিপণন প্রসার” এর  “ব্যক্তিক বিক্ৰয়” ইউনিট ৬ এর অন্তর্ভুক্ত।

Table of Contents

একজন বিক্রয়কর্মীর দায়িত্ব সমূহ

 

বিক্রয়কর্মীকে পেশাগত সফলতা অর্জনের জন্য তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হয়। একটি প্রতিষ্ঠানে বিক্রয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকে বিক্রয়কর্মীগণ। প্রতিষ্ঠানের বিক্রয় তার উপর নির্ভরশীল। সে যদি সঠিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন না করে তা হলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত বিক্রয় ও মুনাফা অর্জিত হবে না। প্রতিষ্ঠান বাজারে অবস্থান গ্রহণ করতে পারবে না। প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য বিক্রয়কর্মীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিক্রয়কর্মীর উপর অর্পিত দায়িত্ব যদি বিক্রয়কর্মীগণ সঠিকভাবে পালন না করে তবে প্রতিষ্ঠান তার অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে হুমকির সম্মুখীন হবে।

কাজেই বিক্রয়কর্মীকে প্রতিষ্ঠানের অস্তিত্ব বজায়ে রাখার জন্যই তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিক্রয়কর্মীর কাজের ব্যাপকতা যেমন অনেক গভীর তেমনি তাদের দায়িত্বের বিষয়টিও অনেক গভীর। বিক্রয়কর্মীর কিছু দায়িত্ব আছে যা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণ করা থাকে। আবার কিছু দায়িত্ব থাকে যা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত থাকে না। একজন মানুষ হিসেবে বিক্রয়কর্মীকে কিছু অলিখিত দায় দায়িত্ব পালন করতে হয়।

ফলে বিক্রয়কর্মীর দায়িত্বের ব্যাপকতা অত্যন্ত গভীর। বিক্রয়কর্মীকে যেমন প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টিপাত করতে হয় তেমনি তার ক্রেতাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। সর্বোপরি নিজের প্রতিও তার কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। ফলে বিক্রয়কর্মীকে পেশাগত সাফল্য অর্জনের দিকে গুরুত্ব প্রদান করতে হবে। পণ্যের বাজার উন্নয়ন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি এবং সর্বোপরি প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষার জন্য বিক্রয়কর্মীদের তাদের দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করতে হবে।

 

বিক্রয়কর্মীর দায়িত্ব

 

বিক্রয়কর্মীর দায়িত্বসমূহ (Responsibilities of a Salesperson):

পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হলো একজন বিক্রয়কর্মীর প্রধান দায়িত্ব। তবে পণ্য বিক্রয় বা গল্প করার মধ্যে বিক্রয়কর্মীর দায়িত্ব শেষ হয়ে যায় না। ব্যবসার ভিন্নতার জন্য বিক্রয়কর্মীদের দায় দায়িত্ব ভিন্ন হয়ে থাকে। প্রতিষ্ঠানের নীতি, পলিসি, লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদির উপর বিক্রয়কর্মীদের দায়িত্ব ও কর্তব্য নির্ভর করে। একজন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীর দায়িত্বের সাথে একজন জীবন বীমা কোম্পানির বিক্রয়কর্মীর দায়িত্বের অনেক পার্থক্য দেখা যায়। তথাপি বিক্রয়কর্মীদের কিছু দায় দায়িত্ব রয়েছে যা সকল বিক্রয়কর্মীদের জন্য প্রযোজ্য। আবার প্রতিষ্ঠান অনেক সময় বিক্রয়কর্মীদের দায় দায়িত্ব নির্ধারণ করে দেয়। নিম্নে বিক্রয়কর্মীদের দায়িত্বসমূহ আলোচনা করা হলো:

 

১. পণ্য বিক্রয় (Product Selling) :

বিক্রয়কর্মীর মৌলিক দায়িত্ব হলো প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করা। সম্ভাব্য ক্রেতাদেরকে প্ররোচিত করে পণ্য বিক্রয় করা বিক্রয়কর্মীর অন্যতম প্রধান কাজ। আধুনিক বিপণন ব্যবস্থায় ক্রেতাদের উপর জোরপূর্বক পণ্য বিক্রয় কর্মসূচি প্রনয়ণ করা হয় না বরং বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্রেতাদের অনুপ্রাণীত করে পণ্য বিক্রয় করা হয়। একজন সফল বিক্রয়কর্মী পণ্য বিক্রয়ের মাধ্যমে তার দায়িত্ববোধ প্রকাশ করে থাকে।

 

2. ক্রেতা চিহ্নিত করা (Identifying Customer):

যারা দোকানে বিক্রয়কর্মীর সামনে অবস্থান করে তাদের সবাই পণ্য ক্রয় করার জন্য আসে না। অনেকেই বিভিন্ন গল্প ও পণ্য পর্যবেক্ষণ করে দোকান ত্যাগ করে। এতে বিক্রেতার সময় ও শ্রম দুটোই নষ্ট হয়। তাই বিক্রেতার প্রধান দায়িত্ব হলো সঠিক ও সম্ভাব্য ক্রেতাকে খুঁজে বের করা। বিভিন্ন কৌশলের মাধ্যমে বিক্রেতা সম্ভাব্য ক্রেতা অন্বেষণ করে থাকে। বিক্রয়কর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সম্ভাব্য ক্রেতাদের প্রকৃত ক্রেতায় পরিণত করা ।

 

৩. গ্রাহকদের তথ্য সংগ্রহ (Collection of customer information) :

সম্ভাব্য ক্রেতা অন্বেষণের পর বিক্রয়কর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এ সকল ক্রেতাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। বিক্রেতার কাছে ক্রেতা সংক্রান্ত যত বেশি তথ্য থাকবে বিক্রেতা বিক্রয় কাজে তত সফলতা অর্জন করতে পারবে। একজন ক্রেতার সম্ভাব্য আয়, রুচি, আচরণ, পেশা ইত্যাদি তথ্য যদি বিক্রেতার নিকট থাকে তবে তার কাছে সহজেই পণ্য উপস্থাপন করা যায়। বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতা তথ্য সংগ্রহ করা বিক্রয়কর্মীর অন্যতম প্রধান দায়িত্ব।

 

৪. গ্রাহকদের অভিবাদন (Greet customer) :

সকল ধরণের ক্রেতাদের অভিবাদন জানানো বিক্রেতার মৌলিক দায়িত্ব। এক্ষেত্রে বিক্রেতা যদি আন্দাজ করতে পারে যে তিনি প্রকৃত বা সম্ভাব্য ক্রেতা নন সে ক্ষেত্রেও বিক্রেতাকে অভিবাদন জ্ঞাপন করতে হবে। ছোট-বড়, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকল শ্রেণীর ক্রেতার জন্য অভিবাদন প্রযোজ্য। সুন্দর ও সাবলীল অভিবাদন সম্ভাব্য ক্রেতাকে অনেক সময় প্রকৃত ক্রেতায় পরিণত করে। উপযুক্ত সময়ে উপযুক্ত শব্দ ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করা বিক্রয়কর্মীর একটি বিশেষ দায়িত্ব।

 

৫. ক্রেতার চাহিদা নির্ধারণ করা (Determination of consumer needs):

ক্রেতাদের চাহিদা নির্ধারণ বিক্রয়কর্মীরে একটা বড় দায়িত্ব। ক্রেতাদের চাহিদা সৃষ্টির পাশাপাশি বিক্রয়কর্মীগণ তাদের চাহিদার প্রকৃতি নির্ধারণ করে থাকে। কি পণ্য ক্রয় করবে, কতটুকু ক্রয় করবে, কাদের জন্য ক্রয় করবে ইত্যাদি মৌলিক ক্রয় সংক্রান্ত প্রশ্নের সমাধান বিক্রয়কর্মীকে করতে হয়। অনেক সময় ক্রেতারা নিজেদের প্রয়োজন নিজেরা অনুধাবন করতে পারে না। বিক্রয়কর্মী বিভিন্ন কৌশলের মাধ্যমে ক্রেতাদের সুপ্ত চাহিদাকে জাগ্রত করে তোলে। তাই ক্রেতাদের প্রকৃত চাহিদা নির্ধারণ বিক্রেতাদের একটি বিশেষ দায়িত্ব।

 

৬. ক্রেতাদের সাহায্য করা (Helping the buyer):

বিক্রয় কার্যক্রমে ক্রেতাদের বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করা বিক্রেতাদের একটি প্রধান দায়িত্ব। পণ্য ও বিক্রয় সংক্রান্ত অনেক বিষয় ক্রেতাদের অজানা থাকে এবং এসকল বিষয় ক্রেতাদের মনে অনাস্থার সৃষ্টি করে। ক্রেতাদের মন থেকে এসকল অনাস্থা দূর করা বিক্রেতাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। পণ্য ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ক্রেতাগণ অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। বিক্রেতাদের দায়িত্ব হলো এ সকল বিষয়ে বিক্রয়কর্মীদের স্বচ্ছ ধারণা প্রদান করা। তাছাড়া পণ্য, মূল্য, বণ্টন ইত্যাদি বিষয়ে ক্রেতার যদি কোন ধরণের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হয় তবে বিক্রয়কর্মীদের উচিত তাৎক্ষণিকভাবে তাদের সাহায্য ও সহযোগিতা প্রদান করা

 

৭. ক্রেতাদের পথ প্রদর্শক (Guide the customer):

ক্রেতাদের সঠিক পথ নির্দেশনা প্রদান করা বিক্রেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের মধ্যে অন্তর্ভূক্ত। প্রায় সময় দেখা যায় ক্রেতাগণ নিজের অজ্ঞতাবশত পণ্য ক্রয় করে ভিষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোন পণ্যটি তার জন্য উপযোগী সেটা ক্রেতা সবসময় বুঝে উঠতে পারে না। কিছু প্রযুক্তিগত জটিল পণ্য রয়েছে যা ভাল বিক্রয়কর্মী ছাড়া অন্য কেউ এর গুণাগুণ ও ব্যবহারবিধি সম্পর্কে অবগত থাকে না। ফলে ক্রেতা যদি কোন ভুল কাজ করে বা কোন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তবে তাকে সঠিক পথনির্দেশনা প্রদান করা বিক্রেতার নৈতিক দায়িত্ব ।

 

৮. ক্রেতা অভিযোগ নিষ্পত্তিকরণ (Handling customer objections) :

পণ্য উপস্থাপন এবং প্রদর্শনের সময় ক্রেতাসাধারণের নিকট থেকে পণ্য সম্পর্কে বিভিন্ন ধরণের অভিযোগ আসতে পারে। এ অভিযোগগুলো ধৈর্য্যসহকারে শুনে তা সমাধানের চেষ্টা করা বিক্রয়কর্মীর দায়িত্ব। বিক্রয়কর্মীর নিকট ক্রেতাসাধারণ পণ্যের গুণাগুণ, দাম, ব্যবহারবিধি ইত্যাদি নিয়ে আমূলক অভিযোগ তুলে থাকে। পণ্য উপস্থাপনের সময় ক্রেতা না জেনে বলতে পারে পণ্যটি মানসম্মত নয় বা এর মূল্য অনেক বেশি। এই জাতীয় অভিযোগ নিষ্পত্তির জন্য বিক্রেতাকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো বিক্রয়কর্মীর প্রধান দায়িত্ব ।

 

একজন বিক্রয়কর্মীর দায়িত্বসমূহ

 

৯. গ্রাহক অভিযোগকে স্বাগত জানানো (Welcome customer complaints):

পণ্য ক্রয়ের পূর্বে ক্রেতাদের কিছু অভিযোগ থাকে তা বিক্রয়কর্মী বিভিন্নভাবে খণ্ডন করে থাকে। আবার পণ্য ক্রয় করার পর ক্রেতাদের পণ্য নিয়ে বিভিন্ন ধরণের অভিযোগ থাকে। পণ্য ত্রুটিপূর্ণ হতে পারে, অথবা পণ্য সঠিকভাবে কাজ নাও করতে পারে। এ সকল বিষয়ে ক্রেতাদের জোরালো অভিযোগ থাকতে পারে।

এ ক্ষেত্রে বিক্রয়কর্মীর দায়িত্ব হলো তাদের যেকোন অভিযোগকে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা। ক্রেতাকে যথাযথ সম্মান দিতে হবে এবং অহেতুক তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। ক্রেতাদের অভিযোগসমূহের সমাধানের জন্য বিক্রেতার যথাযথ পূর্ব প্রস্তুতি থাকতে হবে কারণ এ সকল অভিযোগের মুখোমুখি বিক্রেতাদের প্রতিনিয়তই হতে হবে।

 

১০. সকল ফোন কলে সাড়া দেওয়া (Respond to all phone calls):

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ক্রেতাগণ প্রায় ক্ষেত্রেই বিক্রয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সরাসরি ফোন কল বা মোবাইলের মাধ্যমে বিক্রেতাদের সাথে যোগাযোগ করে। এ সকল ফোন কলের প্রতি সঠিকভাবে সাড়া প্রদান করা বিক্রয়কর্মীদের বিশেষ দায়িত্ব ও কর্তব্য। ক্রেতারা তাদের ব্যস্ততার জন্য সরাসরি বিক্রয়কর্মীর মুখোমুখি হতে পারে না। তাই বিক্রেতার উচিত এই কল কলগুলোর প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করা। অনেক সময় ক্রেতারা বিশেষ প্রয়োজনে বিক্রেতাকে মোবাইলে এসএমএস পাঠিয়ে থাকে। বিক্রেতাদের উচিত এ সকল ম্যাসেজের সঠিক ও যথাযথ উত্তর প্রদান করা যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।

 

১১. ক্রেতাদের ফোন করা (Phone to customer):

বিক্রেতাকে যেমন ক্রেতাদের ফোন কলে সাড়া প্রদান করতে হয় তেমনি ক্রেতাদের সাথে নিয়োমিত ফোনে যোগাযোগ করা বিক্রেতার অন্যতম প্রধান দায়িত্ব। ক্রেতাগণ প্রায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ফলে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করা বিক্রেতাদের সম্ভব হয় না। যে কারণে বিক্রেতা তাদের গুরুত্বপূর্ণ ক্রেতাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে পারে।

বিক্রেতা সম্ভাব্য ক্রেতা, বর্তমান ক্রেতা এবং হারানো ক্রেতা সবার সাথে ফোনে যোগাযোগ স্থাপন করতে পারে। বর্তমানে বড় বড় ক্রয় বিক্রয় সংক্রান্ত আলাপ আলোচনা ফোন কলের মাধ্যমেই সম্পাদন হয়ে থাকে। তাই বিক্রয়কর্মীদের দায়িত্ব হলো বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের সাথে টেলিফোন বা মোবাইল ফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ।

 

১২. কোম্পানির নীতি ও নিয়ম মান্য করা (Obey the company’s rules & policies):

প্রত্যেকটি কোম্পানির নিজস্ব কিছু নিয়ম কানুন ও প্রাতিষ্ঠানিক সাংস্কৃতি থাকে। বিক্রয়কর্মীদের উচিৎ এই সকল নিয়ম কানুন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি মেনে চলা। প্রতিষ্ঠানের আইন কানুন কোন সময় উপেক্ষা করে চলা কোন বিক্রয়কর্মীর দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না। বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান কিস্তিতে বিক্রয়ের সুযোগ প্রদান করলেও বিক্রয়কর্মীগণ এ সুযোগ প্রদানটি উপেক্ষা করতে পারে। আবার প্রতিষ্ঠান বিক্রয়োত্তর সেবা প্রদানের কথা ঘোষণা করলেও বিক্রয়কর্মীগণ এই সেবা প্রদান থেকে বিরত থাকতে পারে। ক্রেতা আপ্যায়নের প্রাতিষ্ঠানিক সংস্কৃতিটি বিক্রেতা অনুসরণ করতে নাও পারে। এতে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। ফলে প্রতিষ্ঠানের সকল প্রকার নিয়ম নীতি ও সংস্কৃতি মেনে চলা বিক্রয়কর্মীর অন্যতম দায়িত্ব ।

 

১৩. বিক্রয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা (Formalities in sales) :

পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মীকে সকল ধরণের আনুষ্ঠানিকতা বজায়ে রাখা উচিত। অনেক ক্ষেত্রে মৌখিক বিষয়ের মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনায় বিক্রয়কর্মীগণ নিজে এবং প্রতিষ্ঠানকে বিপদের মধ্যে ফেলে এবং জটিলতার সৃষ্টি করে। ক্রয়-বিক্রয় কার্যক্রমটি অবশ্যই আনুষ্ঠানিক হওয়া উচিত। ক্রেতাদের বিক্রয় ডকুমেন্ট প্রদান করা বিক্রয়কর্মীর একটি বিশেষ দায়িত্ব। বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মীকে সকল ধরণের আনুষ্ঠানিকতা পালন করতে হবে। বিক্রয় ডকুমেন্ট বিক্রয়কর্মী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। দিন, তারিখ ও লেনদেনের সার্বিক বিষয়ের যথাযথ বিবরণ প্রদান করতে হবে। বিক্রয়ের আনুষ্ঠানিকতা পালন করা বিক্রয় বিক্রয়কর্মীর অন্যতম দায়িত্ব ও কর্তব্য।

 

১৪. মজুত রক্ষণাবেক্ষণ (Store maintenance):

বিক্রয়কর্মীর অন্যতম প্রধান দায়িত্ব হলো মজুত রক্ষণাবেক্ষণ করা। মজুতের যোগান ও চাহিদার বিষয়টি খুবই স্পর্শকাতর। কোন ক্রেতা দোকানে পণ্য ক্রয় করতে এসে পণ্য না পেয়ে ফিরে গেলে সেটা সেই বিক্রয় কেন্দ্রের তথা প্রতিষ্ঠানের সুনামকে খর্ব করে। এরকম পরিস্থিতিতে অনেক সময় বিক্রয়কর্মী ক্রেতাকে অপেক্ষা করিয়ে অন্য স্টোর থেকে পণ্য সরবরাহ করে থাকে। এছাড়া বিক্রয়কর্মীকে নিয়মিত স্টোর বিন্যাসের বিষয়টি তদারকি করতে হবে। আধুনিক বিপণনে স্টোর বিন্যাস বিপণন প্রমোশনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়। তাছাড়া নিয়মিত স্টোর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বিক্রয়কর্মীর দায়িত্বের মধ্যে বিবেচনা করা হয়।

 

১৫. পণ্য ও প্রতিষ্ঠানের জ্ঞান (Knowledge about products and organization):

একজন বিক্রেতার অন্যতম প্রধান দায়িত্ব হলো তাকে প্রথমে তার প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সম্ভাব্য ক্রতার মুখোমুখি হয়ে একজন বিক্রয়কর্মীকে তার প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে এমনভাবে বর্ণনা দিতে হয় যাতে ক্রেতার মনে ঐ পণ্য সম্পর্কে গভীর আগ্রহের সৃষ্টি হয়। অন্যদিকে সম্ভাব্য ক্রেতা যদি পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে কোন তথ্য জানতে চায় এবং বিক্রয়কর্মী যদি তার সঠিক কোন তথ্য প্রদান করতে না পারে তবে ক্রেতাদের পণ্য এবং প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। ফলে একজন বিক্রয়কর্মীকে কোন প্রতিষ্ঠানের পক্ষে কাজ শুরু করার পূর্বেই তাকে সেই প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। প্রতিষ্ঠানের নিয়ম-নীতি, পণ্যের বিস্তারিত বিবরণ সম্পর্কে জ্ঞান অর্জন করা বিক্রয়কর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

১৬. নীতিবান হওয়া (To have principle):

অন্যান্য পেশার মত বিক্রয়ের ক্ষেত্রে অনেক অসৎ এবং নীতি বিবর্জিত লোক রয়েছে। এখানে অসৎ এবং নীতি বিবর্জিত কাজের অনেক সুযোগ রয়েছে। তাই নিজের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য একজন বিক্রয়কর্মীকে নীতিবান হওয়া একান্ত কর্তব্য। একজন নীতিবান লোকের প্রতি সকলের অগাধ আস্থা ও বিশ্বাস থাকে। চাটুকারীতা এবং প্রতারণার মাধ্যমে দীর্ঘ মেয়াদে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। বিক্রয় কার্যক্রমে একজন সৎ ও নীতিবান বিক্রয়কর্মীকে প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণভাবে একজন নীতি বর্হিভূত বিক্রয়কর্মী অকৃতকার্য ও অগ্রণযোগ্য হয় আর সে কারণে এ জাতীয় বিক্রয়কর্মীকে কোম্পানি কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করতে রাজি থাকে না।

 

একজন বিক্রয়কর্মীর দায়িত্বসমূহ

 

১৭. সমন্বয় ও সহযোগিতা করা (To co-operate and co-ordination) :

বিক্রয়কর্মীগণ উৎপাদন, ক্রেতা ও মধ্যস্থতাকারীদের সাথে সরাসরি জড়িত থাকে। তারা প্রত্যেকেই উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিক্রয়কর্মীদের উপর নির্ভরশীল। ফলে এ সকল গ্রুপকে যথাযথ সহযোগিতা প্রদান করা বিক্রয়কর্মীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। একটা প্রতিষ্ঠানে যোগদানের সাথে সাথে বিক্রয়কর্মীকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ আরম্ভ করতে হবে। অন্যদিকে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সাথে সুষ্ঠু সমন্বয় বজায়ে রাখা তার অন্যতম দায়িত্ব। যদি বিভিন্ন বিভাগের সাথে তার সমন্বয়হীনতা দেখা দেয় তবে সে একজন সফল বিক্রয়কর্মী হিসেবে বিবেচিত হবে না। সুষ্ঠু সমন্বয়ের জন্য বিক্রয়কর্মীকে যেমন বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্ৰহ করতে হবে তেমনি বিক্রয়কর্মীকেও প্রয়োজনীয় তথ্য বিভিন্ন বিভাগে সরবরাহ করতে হবে।

 

১৮. বিক্রয় কাজে দক্ষতা অর্জন (Acquire sales skills):

বিক্রয় কাজে সফলতা অর্জনের পূর্ব শর্ত হলো বিক্রয়ে দক্ষতা অর্জন করা। একজন দক্ষ বিক্রয়কর্মীকে অনেক প্রতিষ্ঠান উচ্চ মূল্য দিয়ে ধরে রাখতে চায়। এই দক্ষতা অর্জনের জন্য বিক্রয়কর্মীকে নিয়মিতভাবে বিক্রয় সভায় অংশগ্রহণ করতে হয়। বিভিন্ন ধরণের ট্রেনিং কর্মসভায় যোগ দিতে হয়। এখান থেকে একজন বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা এবং তাদের যথাযথ সমাধানের কৌশলসমূহ রপ্ত করতে পারে। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে পণ্য উপস্থাপনা ও প্রদর্শন করতে হয়, কিভাবে প্রসার কার্যক্রম দক্ষভাবে পরিচালনা করতে হয়, কিভাবে বিক্রয় পলিসিসমূহ বাস্তবায়ন করতে হয় ইত্যাদি বিষয়ের যথাযথ দিক নির্দেশনা পেয়ে থাকে। তাই বিক্রয় কাজে দক্ষতা অর্জন বিক্রয়কর্মর একটি বিশেষ দায়িত্ব।

 

১৯. অন্যান্য দায়িত্বসমূহ (Others responsibilities):

উল্লেখিত দায়িত্বসমূহ ছাড়াও বিক্রয়কর্মীদের আরো কিছু দায় দায়িত্ব পালন করতে হয়। প্রতিষ্ঠানের যে সকল পাওনা বিল থাকে সেগুলো যথাসময়ে সংগ্রহ করা বিক্রয়কর্মীদের দায়িত্ব। ক্রেতাদের ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং তথ্যসমূহ প্রতিষ্ঠানকে জানানো বিক্রয়কর্মীদের দায়িত্ব। তাছাড়া ভ্রাম্যমান বিক্রয়কর্মীদের জন্য দৈনিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট প্রদান করা আবশ্যকীয় কর্তব্য। তাছাড়া কাউন্টারে ক্রেতাদের জন্য পণ্য প্যাকেজিং ও সঠিক ডেলিভারি করা গুরুত্বপূর্ণ বিক্রয় কার্যক্রমের অংশ। সর্বোপরি একজন বিক্রয়কর্মীকে সর্বদা প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধির জন্য কিছু অতিরিক্ত কার্যক্রম গ্রহণ করতে হয় যা তার মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে।

 

সারসংক্ষেপ:

 

বিক্রয়কর্মীর অন্যতম প্রধান কাজ হলো প্রতিষ্ঠানের পক্ষে উৎপাদিত পণ্য বিক্রয়ের প্রচেষ্টা গ্রহণ করা। বিক্রয়কর্মীর এই বিক্রয় প্রচেষ্টার সাফল্যের উপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। ফলে বিক্রয়কর্মীর কাজ অনেক গুরুত্বপূর্ণ ও | দায়িত্বপূর্ণ। বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিক্রয়কর্মীর অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যদিও ব্যবসায়ের ভিন্নতার জন্য বিক্রয়কর্মীদের দায়-দায়িত্ব ভিন্ন হয়ে থাকে। প্রতিষ্ঠান বিক্রয়কর্মীদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দেয়। আবার বিক্রয়কর্মীদের কিছু অলিখিত দায়-দায়িত্ব পালন করতে হয়। ফলে বিক্রয়কর্মীদের দায়িত্বের পরিসীমা অনেক গভীর।

বিক্রয়কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ হলো: পণ্য বিক্রয় কার্যক্রম গ্রহণ করা, পণ্য বিক্রয় বৃদ্ধি করা, ক্রেতা চিহ্নিত করা, গ্রাহকদের তথ্য সংগ্রহ করা, গ্রাহকদের অভিবাদন প্রদান, ক্রেতা চাহিদা নির্ধারণ করা, ক্রেতাদের বিভিন্নভাবে সাহায্য করা, ক্রেতাদের পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করা, ক্রেতা অভিযোগ নিষ্পত্তি করা, ক্রেতাদের প্রয়োজনে সাড়া দেয়া, ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায়ে রাখা, প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলা, স্টোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা, পণ্য ও প্রতিষ্ঠানের জ্ঞান অর্জন করা, নীতিবান হওয়া, বিক্রয় কাজে দক্ষতা অর্জন করা ইত্যাদি।

Leave a Comment